গৃহবধূর মুখে এসিড ছুড়ে দিল সাবেক স্বামী
- সর্বশেষ আপডেট ১২:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 139
হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিকের মুখমণ্ডল এসিড দিয়ে ঝলসে দিয়েছে তার সাবেক স্বামী। গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে সদর উপজেলার বহুলা এলাকায় এই নৃশংস এসিড সন্ত্রাসের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার (২৮) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়েছিল রুবিনার। কিন্তু পারিবারিক মনোমালিন্যের জেরে গত ৬ মাস আগে তিনি উজ্জলকে তালাক দেন। তাদের দুটি সন্তান বর্তমানে বাবার কাছে রয়েছে। তালাকের পরও উজ্জল রাস্তাঘাটে এবং কর্মস্থলে গিয়ে রুবিনাকে ক্রমাগত উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার রাতে রুবিনা কোম্পানি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা উজ্জল তার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
এসিডে আক্রান্ত রুবিনা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী জানান, এসিড হামলার শিকার নারীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাবেক স্বামী উজ্জল মিয়া পলাতক রয়েছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের বিশেষ অভিযান চালানো হচ্ছে।






























