উদ্বোধনের দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- সর্বশেষ আপডেট ০৬:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 123
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় বিআরটিসির পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বলাকা পরিবহনকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, রাজধানীতে যাত্রা শুরুর পরপরই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে পিংক বাসটির ধাক্কা লাগে। এতে বাসটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সঙ্গে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করতে বিআরটিসির উদ্যোগে মঙ্গলবার থেকে রাজধানীতে গোলাপি রঙের বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। এসব বাসে নারী যাত্রীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই পরিবহন ব্যবস্থা কর্মজীবী নারীসহ নারী যাত্রীদের গণপরিবহনে চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে।
তবে উদ্বোধনের দিনই পিংক বাস দুর্ঘটনার কবলে পড়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। নতুন এই সেবা নির্বিঘ্ন রাখতে অন্যান্য যানবাহনের চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।





























