দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে ধাক্কা, প্রাণ গেল বিচারকের
- সর্বশেষ আপডেট ০২:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 8
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাণ গেল এক বিচারকের। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকও গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত একেএম ছামিউল হক (২৭) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুর ফিরছিলেন বিচারক ছামিউল হক। ভোরে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি।
রডের আঘাতে গুরুতর আহত হন বিচারক ছামিউল হক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হন।
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি ট্রাকটিতে ধাক্কা দিলে মুহূর্তেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, ট্রাকটি বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে বিচারককে বহনকারী প্রাইভেটকারটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত বিচারকের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ছামিউল হকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


































