রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় ঢাকার প্রতিবাদ
- সর্বশেষ আপডেট ০৬:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 9
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে মিয়ানমারের উপস্থাপনকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা। বাংলাদেশ বলেছে, রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে এবং তাদের সেই পরিচয়কে স্বীকৃতি দিতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থানের কথা জানিয়েছে।
এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারবিষয়ক মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্য ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ আগস্টের বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে দেওয়া পরিসংখ্যানের বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হয়। এ সময় তৌফিক-উর-রহমান বলেন, জাতিসংঘের ব্যবস্থায় নিবন্ধিত তথ্যেই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের তথ্যও যাচাইয়ের আওতায় আনার অনুরোধ জানানো হয়।
বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তার সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন। যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে মিয়ানমারের অঙ্গীকারের কথাও জানান তিনি।
বাংলাদেশ বলেছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান একমাত্র নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সম্ভব। এ জন্য রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদে ফিরিয়ে নেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।


































