রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৮:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 120
নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় বিএনপির সাত নেতাকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। পরে দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বাড়ির সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে পরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, কাচারিকান্দি এলাকার রিমন আহম্মদ ও ফকিরেরচর এলাকার জাহাঙ্গীর আলম। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমির হোসেন আমুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীর সমর্থকরা মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন। এর মধ্যে কয়েকজন বিএনপি নেতাকর্মী সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যানের বাড়ির দিকে গেলে সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বাড়ি এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি পরিদর্শন করা হয়েছে। চেয়ারম্যানের বাড়ির গেট ও ভেতরে হামলার ঘটনা ঘটেছে। তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মোটরসাইকেলের বহরে হামলার অভিযোগও পাওয়া গেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়া অভিযোগ করেন, ফারুক হোসেন আলীকে আদালত কারাগারে পাঠানোর পর তার অনুসারীরা মানববন্ধন করেন। এ সময় তারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা টিএম ফরিদুল আলম বলেন, ফারুক হোসেন আলীকে আদালত কারাগারে পাঠানোর পর তার অনুসারীরা মানববন্ধনের চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা মামুদপুর এলাকায় গেলে চেয়ারম্যানের অনুসারীরা তাদের ওপর হামলা করেন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) একটি মামলায় হাজিরা দিতে নরসিংদী আদালতে যান রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





























