বিএনপির পক্ষে ফেসবুক পোস্ট ঘিরে প্রবাসী দম্পতির ওপর হামলা
- সর্বশেষ আপডেট ০৯:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 40
নরসিংদীর রায়পুরায় বিএনপির পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন ও তাঁর স্ত্রীর ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলার শারখোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, বাড়ি ফেরার পথে জসিম উদ্দিনকে আটক করে হামলা চালানো হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর স্ত্রীও হামলার শিকার হন। পরে আহত দুজনকে রায়পুরা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী জসিম উদ্দিনের অভিযোগ, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, রড ও শাবলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। এ সময় তাঁর স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগও করেন তিনি।
জসিম উদ্দিন আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাঁদের বসতঘরের আসবাব, দরজা-জানালা ও টিনের বেড়া ভাঙচুর করে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
ভুক্তভোগীদের অভিযোগ, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ও ইউপি সদস্য সোহরাব হোসেনের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। অভিযুক্তরা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলেও দাবি তাঁদের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
জসিম উদ্দিনের দাবি, হামলার ঘটনায় মামলা করার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মামলা প্রত্যাহার না করলে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রায়পুরা সরকারি হাসপাতালে গিয়ে আহত দম্পতির চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।




























