বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা
- সর্বশেষ আপডেট ০১:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 143
রাঙ্গামাটিতে বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারিয়েছেন ছাত্রদল নেতা আবু আবরার আলভী। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে বহিষ্কার করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রদল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সানি আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জেলা ছাত্রদল সূত্র জানায়, গত ২৯ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিদ্যুৎ সংকট নিয়ে একটি পোস্ট দেন আলভী। সেখানে তিনি লেখেন, ‘আগে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, এখন বিদ্যুৎই আর নেই।’
পোস্টটিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করে আলভীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। একই সঙ্গে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। পরে তিনি সংগঠনের কাছে লিখিত জবাব দেন। তবে তার ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় ১ সেপ্টেম্বর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে নিজের ফেসবুক পোস্টের পক্ষে যুক্তি দিয়েছেন আলভী। তিনি বলেন, জনদুর্ভোগের চিত্র তুলে ধরতেই তিনি ওই পোস্ট করেছিলেন। দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারাও বিদ্যুৎ সংকট নিয়ে পোস্ট করেছেন। তাদের ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থী ও মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরতেই তিনি পোস্টটি দেন বলে জানান।
আলভী বলেন, শোকজের জবাব তিনি জেলা ছাত্রদল নেতাদের কাছে দিয়েছেন। তাকে ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে তিনি তা করেননি।
তার ভাষ্য, ক্ষমা চেয়ে পোস্ট দিলে ছাত্রদল সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে; এমন আশঙ্কায় তিনি প্রথমে শোকজের ব্যাখ্যা দেওয়ার চিঠিটি ফেসবুকে প্রকাশ করেন। পরে সময় নিয়ে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পরিকল্পনা থাকলেও এর আগেই তাকে বহিষ্কার করা হয়।
জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির সিদ্ধান্তে আলভীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।





























