‘বোয়িং-এয়ারবাস দুটোই কিনবে বাংলাদেশ’
- সর্বশেষ আপডেট ১০:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 38
বাংলাদেশের বেসামরিক বিমান খাতকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউরোপের এয়ারবাস—দুই নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকেই উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রয়োজন বিবেচনায় বোয়িং ও এয়ারবাস—দুই ধরনের উড়োজাহাজই কেনা হবে।
শামা ওবায়েদ বলেন, “আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব।” তিনি জানান, দেশের সিভিল এভিয়েশন খাতকে উন্নত পর্যায়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আগের সরকারের কাছ থেকে পাওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে একদিকে ব্যয় সংযম করতে হবে, অন্যদিকে দেশের প্রয়োজনীয় খাতে বিনিয়োগও চালিয়ে যেতে হবে।
বিনিয়োগ ও বাণিজ্যে কোনো নির্দিষ্ট দেশকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থই সব সিদ্ধান্তে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
এর আগে ২০২৩ সালে এয়ারবাস থেকে যাত্রী ও পণ্যবাহী উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্র সই হয়েছিল। পরে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনার অংশ হিসেবে বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে সরকার মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি ইউরোপীয় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনায় আসে।


































