বাজারে স্বস্তি নেই, ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম
- সর্বশেষ আপডেট ০৩:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 20
রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। সবজি, মাছ, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও কাঁচামরিচ—প্রায় সব পণ্যের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে। টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়াকে এ বৃদ্ধির প্রধান কারণ বলছেন বিক্রেতারা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ।
শুক্রবার রাজধানীর খিলগাঁও, রামপুরা, তালতলা ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কেজিতে ৮০ থেকে ১৫০ টাকার মধ্যে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি, যা বন্যার আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। ভালো মানের পেঁয়াজের কেজি ৬০ টাকা, মাঝারি মানের ৫০ থেকে ৫৫ টাকা এবং ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
মাছের বাজারেও ঊর্ধ্বমুখী দাম। দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ কেজিতে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও ছিল ৩৫০ থেকে ৩৮০ টাকা। তেলাপিয়া, পাঙাশ, পাবদা ও চাষের চিংড়ির দামও কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকায়।
এদিকে ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম, অথচ আয় বাড়ছে না। ফলে প্রয়োজনীয় পণ্য কিনতেও হিমশিম খেতে হচ্ছে।






































