আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৯:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 21
আঞ্চলিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও সাইবার হুমকিসহ উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় আসিয়ান ও এর অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মহামারি, জলবায়ুজনিত অভিঘাত, সাইবার হামলা ও সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবিলায় বাস্তবভিত্তিক ও সমন্বিত আঞ্চলিক উদ্যোগ প্রয়োজন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা কাঠামো গড়ে তুললে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর সক্ষমতা আরও বাড়বে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও তুলে ধরেন।
অনুষ্ঠানের ফাঁকে ড. খলিলুর রহমান চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন ও সার্কুলার ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ২০০৭ সালে টিএসি-তে যোগ দেয় এবং দক্ষিণ এশিয়ার প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে আসিয়ানের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়।





































