‘পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত হবে আবাসন খাত’
- সর্বশেষ আপডেট ০৮:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 7
আবাসন শিল্পকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ করে সুষম নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আবাসন খাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ যেন না থাকে, সে জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নগরায়ণ শুধু রাজধানীকেন্দ্রিক হলে চলবে না। দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার বিষয়েও সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে রিহ্যাব নেতারা ফ্ল্যাট ও জমির নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানান। এছাড়া আবাসন খাতের সব সেবা ডিজিটাল করা, সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফ্লোর এরিয়া রেশিও (ফার) বৃদ্ধি এবং উল্লম্ব নগরায়ণের উদ্যোগ নেওয়ার প্রস্তাব তুলে ধরেন তারা।





































