পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার ‘এয়ার ফ্লো’ দেবে সরকার
- সর্বশেষ আপডেট ১০:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 99
পেঁয়াজ সংরক্ষণ সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে পেঁয়াজ সংরক্ষণ বিষয়ক এক জাতীয় কর্মশালায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় প্রতিবছর আমদানির ওপর নির্ভর করতে হয়। সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে দেশীয় পেঁয়াজ রপ্তানির লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, দেশের বাইরে থাকা প্রায় এক কোটি মানুষ দেশীয় পেঁয়াজের প্রতি আগ্রহী। অন্য দেশের পেঁয়াজের সঙ্গে বাংলাদেশের পেঁয়াজের স্বাদ ও বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবিলায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’ বাস্তবায়ন করছে। ২০২৫ সালের মে মাসে শুরু হওয়া প্রকল্পটি চলবে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত। এতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রকল্পটি দেশের ১৬ জেলার ১০৭টি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ইতোমধ্যে ৩ হাজার ৭০০টি পরিবেশবান্ধব এয়ার ফ্লো মেশিন স্থাপনের কাজ চলছে। পাশাপাশি ৩ হাজার ৯০০ কৃষককে পেঁয়াজ সংরক্ষণ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।































