রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 265
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ‘গুঞ্জনই’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যেসব আলোচনা চলছে, সেগুলো এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। বিষয়টি বাস্তবে ঘটলে তখন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ ও অবস্থান নেবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চান, তাহলে সাংবিধানিকভাবে তা করার সুযোগ রয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো তথ্য জানেন না।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে দায়িত্ব ছাড়তে চান কি না, সে প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, দায়িত্ব ছাড়তে চাইলে রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে। কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন, সেটি তখনকার সাংবিধানিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।





































