ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পরমাণু চুক্তি বাতিল: যুক্তরাষ্ট্র

- সর্বশেষ আপডেট ১০:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 109
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, রিয়াদকে ‘আব্রাহাম আকর্ডসে’ যোগ দিতেই হবে, অন্যথায় চুক্তিটি বাতিল বলে বিবেচিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে হবে। তবে এর বাস্তবায়ন নির্ভর করবে দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম আকর্ডসে যোগ দেয় কি না, তার ওপর।
পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানালেও ট্রাম্পের নতুন শর্তে চুক্তিটি অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার অবস্থানেই রয়েছে সৌদি আরব।





































