আবার বাংলাদেশের অধিনায়ক সাকিব
- সর্বশেষ আপডেট ০৩:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 10
জাতীয় দলের বাইরে থাকলেও আবারও বাংলাদেশের নেতৃত্বে দেখা যাবে সাকিব আল হাসানকে। এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে খেলবেন এই অলরাউন্ডার।
এশিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। দলের সহ-অধিনায়ক করা হয়েছে অলক কাপালিকে।
বুধবার (২৯ জুলাই) রাতে টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ টাইগার্স দল ঘোষণা করে।
আফ্রিকার দেশ জাম্বিয়ার লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের আসর। বাংলাদেশ দলের হয়ে খেলবেন ধীমান ঘোষ, মেহেদী মারুফ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজুসহ পরিচিত কয়েকজন ক্রিকেটার।
টুর্নামেন্টে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও শ্রীলঙ্কান লায়ন্স।
ভারতের হয়ে খেলবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং ও সুরেশ রায়না। শ্রীলঙ্কার দলে আছেন কুমার সাঙ্গাকারা ও উপুল থারাঙ্গা। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও উমর আকমলের মতো তারকারা।




































