ভারত থেকে রাজনীতি করতে পারবেন না হাসিনা: মোদি সরকার
- সর্বশেষ আপডেট ০৩:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 9
ভারতের মাটি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না বলে জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার। একই সঙ্গে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত আইন অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে মানবিক কারণে ভারতে আশ্রয় দেওয়া হলেও ভারতের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত কমিটি গত বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় এ প্রতিবেদন উপস্থাপন করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে। এ বিষয়ে অগ্রগতির তথ্য সরকারকে নিয়মিত জানাতে কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও ভারত তার দীর্ঘদিনের নীতিতে অটল—দেশটির ভূখণ্ড অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।
এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া ধীরগতির হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখতে দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশও করা হয়েছে।
এ ছাড়া ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্রুত আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে কমিটি।




































