লতিফ সিদ্দিকীকে নিয়ে কাদের সিদ্দিকী
‘হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো’
- সর্বশেষ আপডেট ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 178
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার পর তার হাতে হাতকড়া পরানো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, হাতকড়া নিয়ে তাদের কোনো আপত্তি নেই; বরং এটি তাদের কাছে নববধূর হাতে পরানো চুড়ির মতো।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘হাতকড়া নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। জীবনে বহুবার আমাদের হাতেও হাতকড়া পড়েছে। এটাকে আমরা অপমান হিসেবে দেখি না। বিয়ের সময় যেমন নববধূর হাতে চুড়ি পরানো হয়, আমাদের কাছে হাতকড়াও তেমনই।’
ভাই আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি এখানে এসেছি একজন নির্দোষ মানুষের প্রতি অন্যায় হয়েছে বলে প্রতিবাদ জানাতে। আদালতে নিজের বক্তব্য উপস্থাপনের অধিকার সবারই আছে। কিন্তু তিনি সেই সুযোগ পাননি বলে আমার মনে হয়েছে।’
লতিফ সিদ্দিকীর বয়সের প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, ‘তার বয়স এখন ৮৭ বছর। তিনি যে অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, সেটি তিনি করেননি বলে আমরা বিশ্বাস করি। এরপরও যদি আদালতের রায়ে তার মৃত্যুদণ্ড হয়, আমরা সেটিও মেনে নেব। আল্লাহর বিচারই চূড়ান্ত বিচার।’
শাপলা চত্বরের ঘটনার পরিকল্পনাকারী হিসেবে লতিফ সিদ্দিকীকে অভিযুক্ত করার বিষয়ে তিনি বলেন, সে সময় তিনি সরকারের ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না। তিনি পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ওই সময় আওয়ামী লীগের ভেতরেও বিভিন্ন বিষয়ে বিতর্কের মধ্যে ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


































