নীরবতার কারণ জানালেন সামান্তা শারমিন
- সর্বশেষ আপডেট ০২:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 6
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও গাড়িবহরে হামলার ঘটনায় যখন দলীয় নেতারা সরব, তখন নীরব ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেই নীরবতার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন জানান, পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ থাকায় তিনি কয়েকদিন ধরে রাজনীতি ও অনলাইন কার্যক্রম থেকে অনেকটাই দূরে রয়েছেন।
তিনি লেখেন, “আমার পরিবারের একজন খুবই অসুস্থ। গত ২৮ জুলাই থেকে আমি সার্বক্ষণিক ইন্টারনেটের মধ্যে নেই। এই অবস্থায় আমার সর্বোচ্চ অগ্রাধিকার আমার পরিবারের সুস্থতা।”
সামান্তা শারমিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার দলের পাশে থাকা প্রয়োজন ছিল, কিন্তু পারিবারিক পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না।
পোস্টে তিনি আরও লেখেন, “আমি জানি, দেশে যে পরিস্থিতি চলমান এবং আমার দলের ওপর যে নিগ্রহ ও অত্যাচার নেমে এসেছে, সেখানে আমার থাকা দরকার। কিন্তু তা আমি পারছি না। আপনাদের কাছে সহমর্মিতা ও দোয়া চাই।”
এনসিপির এই নেত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরবেন।
তার ভাষায়, “আল্লাহ সবকিছু ঠিক করে দিলে আবার রাজনীতিতে ফিরে আসব। তখন সার্বিক পরিস্থিতি নিয়ে আমার বক্তব্য ও করণীয় নির্ধারণ করব। আল্লাহ জুলুমকারীদের অনির্দিষ্টকালের জন্য শক্তিশালী রাখেন না। যে কোনো পরিস্থিতিতে আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে আছি।”
উল্লেখ্য, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় দলের পক্ষ থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।































