‘তারেকের ইশারায় সব চললে দুর্নীতি বন্ধ হয় না কেন’
- সর্বশেষ আপডেট ০৩:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 10
বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার যদি দাবি করে সবকিছু তারেক রহমানের নির্দেশনায় চলে, তাহলে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না?
শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকার নিজেই স্বীকার করছে দেশে দুর্নীতি বেড়েছে। এ অবস্থায় তিনি প্রশ্ন তোলেন, ‘তারেক রহমানের ইশারায় যদি সব চলে, তাহলে তার ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন?’
তিনি বলেন, ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করেছিল তৎকালীন সরকার। তবে কয়েক দিনের মধ্যেই সেই সরকার দেশ ছাড়তে বাধ্য হয়।
জুলাই আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, এই আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে শ্রমিক সমাজ। তাদের দাবি শুধু কোটা সংস্কার নয়, বৈষম্যহীন বাংলাদেশ গড়া।
সরকারের কর্মসংস্থান নীতির সমালোচনা করে তিনি বলেন, চাকরি দেওয়ার কথা বলা হলেও বাস্তবে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।
চাঁদাবাজির অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, পরিবহন শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং এসবের সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি গণভোটের দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়, তাহলে জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো উচিত।
































