জঙ্গলে ফুটবল আনতে গিয়ে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
- সর্বশেষ আপডেট ০৩:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 4
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার জঙ্গল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফুটবল খেলতে গিয়ে বল খুঁজতে জঙ্গলে ঢোকা কয়েকজন কিশোর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় টং দোকানি আবু সাঈদ মিয়া জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে বিভিন্ন এলাকার কিশোররা ঝিলমিল আবাসিক প্রকল্পের ভেতরে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের জঙ্গলে চলে যায়। বল আনতে গিয়ে তারা জঙ্গলের মধ্যে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।


































