কপ৩১-এ বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
তিন দিনের সফরে তুরস্কে যাচ্ছেন তারেক রহমান

- সর্বশেষ আপডেট ০১:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 29
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)। ২০ নভেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, পরিবেশবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেবেন।
তুরস্ক সরকারের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি দুটি পৃথক পর্বে বক্তব্য দেবেন তিনি। সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কপ৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বার্থ, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ায় যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি প্রতিনিধিদল।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে। আগামী ১২ নভেম্বর বিকেলে তাঁর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী দেশটিতে যাচ্ছেন। সফরের প্রস্তুতি চলছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। এবার তুরস্ক সফরে দুই নেতার দ্বিতীয়বারের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে।
জলবায়ু অর্থায়নে বাংলাদেশের দাবি
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকার মানুষের জীবন-জীবিকা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।
এ পরিস্থিতিতে কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান দাবি থাকবে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা, অভিযোজন তহবিল বাড়ানো এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর অর্থসহায়তা নিশ্চিত করা। বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য দ্রুত অনুদান দেওয়ার ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।
এ ছাড়া জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরে উন্নয়নশীল দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা দেওয়ার দাবি জানানো হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন-জীবিকাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। তাই জলবায়ু ন্যায়বিচার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।
তিনি বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বাড়ানো জরুরি। ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সহজলভ্য অনুদান চাওয়া হবে।
সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়ন
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে দুটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং আলাদা একটি পাট প্যাভিলিয়ন থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে সম্মেলনের জন্য বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য বাস্তবায়নে কপ সম্মেলন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতিশ্রুতি থাকলেও তা অর্জনে আন্তর্জাতিক উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়।
এবারের সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, মিথেন গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ, জ্বালানির ব্যবহার কমানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
ইউএনএফসিসিসির মিডিয়া উইং জানিয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল আজ উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। আনতালিয়ার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এবারের কপ৩১-এর মনোনীত সভাপতি মুরাত কুরুম। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন ক্রিস বোয়েন।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন। জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা গেলে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।































