সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
- সর্বশেষ আপডেট ০১:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 9
ভারতের ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে নির্ভরতার প্রতীক ছিলেন অজিঙ্কা রাহানে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই ছিটকে পড়লেও এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, জীবনের নতুন অধ্যায়ে পা রাখার জন্য ‘এটাই সঠিক টাইমিং’।
রাহানের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতানো। বিশেষ করে অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর তার নেতৃত্বে দলের ঘুরে দাঁড়ানো এবং শেষ পর্যন্ত সিরিজ জয় ভারতের ক্রিকেট ইতিহাসে রূপকথার মতো স্মরণীয় হয়ে আছে।
২০১১ থেকে ২০২৩ পর্যন্ত বিস্তৃত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রাহানে টেস্টে ৩৮.৪৬ গড়ে ১২টি শতকসহ ৫ হাজার ৭৭ রান করেছেন। ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে তিনটি শতকসহ করেছেন ২ হাজার ৯৬২ রান। টি-টোয়েন্টিতে ১১৩.২৯ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৭৫ রান। ভারতের অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪টি ম্যাচ, আর বাকি দুটি ড্র হয়েছে। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছয়টি দলের হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহানে বলেন, “আমি সবসময়ই আমার ব্যাটিংয়ে টাইমিংয়ের ওপর ভরসা রেখেছি এবং এর গুরুত্বও সব সময় উপলব্ধি করেছি। আজ আমার মনে হচ্ছে, জীবনে সামনে এগিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণার এটাই সঠিক ‘টাইমিং’।
ডোম্বিভলি থেকে অল্প বয়সে অনুশীলনের উদ্দেশ্যে যাত্রা শুরুর দিনগুলো থেকে আজ পর্যন্ত এ খেলাকে নিজের যা কিছু ছিল, তার সবটুকু উজাড় করে দিয়েছি।”
তিনি আরও বলেন, ‘প্রতিটা দিন, প্রতিটা ইনিংস, আর ব্যাটিংয়ের প্রতিটি সুযোগে স্বপ্নটা ছিল একটাই- ভারতের টুপি পরা। আমি একটি সহজ নীতি মেনে চলেছি- সব সময় নিজের চেয়ে দেশ ও দলকে এগিয়ে রেখেছি। সম্পূর্ণ সততার সঙ্গে আমি এই খেলাটি খেলেছি, আর আমি চিরকাল বিশ্বাস করেছি যে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য যদি সৎ থাকে, তবে এই খেলা কোনো দিন আপনাকে খালি হাতে ফেরাবে না।’
রাহানে বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে আমার অভিষেকের পর থেকে ভারতীয় ক্রিকেট অভাবনীয়ভাবে এগিয়ে গেছে। ২০ বছর ধরে এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার অধ্যায়ের সমাপ্তি ঘটলেও এই খেলার সঙ্গে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে না। আগামী প্রজন্মকে সহায়তা করতে, এই খেলা আমাকে যেসব মূল্যবোধ শিখিয়েছে তা ভাগ করে নিতে এবং যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, তাকে কিছু ফিরিয়ে দিতে উদগ্রীব হয়ে আছি।’
ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম ছিলেন রাহানে, বিশেষ করে বিদেশের মাটিতে। দেশের মাঠে ৩২টি টেস্ট খেললেও বিদেশে খেলেছেন ৫১টি। দেশের মাটিতে তার ব্যাটিং গড় ৩৫.৭৩ হলেও বিদেশে গড় ৩৯.৪৩। টেস্ট ক্যারিয়ারের ১২টি সেঞ্চুরির মধ্যে ৮টিই এসেছে বিদেশের মাঠে।
২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল রাহানের ক্যারিয়ারের শেষ বড় ম্যাচ। সেই ম্যাচে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। এরপর ভারতের হয়ে খেলেছেন মাত্র দুটি টেস্ট।
উল্লেখ্য, বর্তমানে যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্য হানড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন অজিঙ্কা রাহানে।
সূত্র: রয়টার্স































