হঠাৎ কেন ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম?
- সর্বশেষ আপডেট ০৫:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 7
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। সেই পরিকল্পনার অংশ হিসেবে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সেলেন্স পরিদর্শনে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তামিমের সঙ্গে সফরে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
সম্প্রতি অনুষ্ঠিত বিসিবির তৃতীয় বোর্ড সভায় দেশের জন্য একটি আধুনিক ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের পরিকল্পনা অনুমোদন পায়। সেই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই বেঙ্গালুরু সফরের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তুলতে চায় বিসিবি। এ লক্ষ্য সামনে রেখে তামিম ও তার সফরসঙ্গী বিসিসিআইয়ের আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো, জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স ল্যাব এবং খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
বিসিবির আশা, এই সফর থেকে অর্জিত অভিজ্ঞতা দেশের ক্রিকেটের জন্য পরিকল্পিত এক্সিলেন্স সেন্টার নির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।






























