‘জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না’-মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 7
জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপি অডিটোরিয়ামে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সমাজে বড় ধরনের পরিবর্তন কখনোই হঠাৎ আসে না। নিয়মতান্ত্রিক আন্দোলন, দীর্ঘ সংগ্রাম এবং প্রয়োজন হলে আত্মত্যাগের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জিত হয়। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পেছনেই মানুষের ত্যাগ ও সংগ্রামের ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের ফলেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দেশের প্রত্যাশিত পরিবর্তন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, একই সময়ে স্বাধীন হওয়া বিশ্বের অনেক দেশ উন্নয়নে অনেক এগিয়ে গেছে। জবাবদিহি, সুশাসন ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে পারলে বাংলাদেশও আরও এগিয়ে যেতে সক্ষম হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের শুরু থেকেই তরুণদের ন্যায্য দাবির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন ছিল। পরে বহু মানুষ প্রাণ দিয়েছেন। শহীদদের পরিবারের ত্যাগ ও বেদনা জাতিকে সবসময় স্মরণ রাখতে হবে। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে না পারলে সেই ত্যাগের মূল্য হারিয়ে যাবে।
দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মূল্যবোধ, শিক্ষা এবং দায়িত্বশীলতার সমন্বয় ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো বাবা-মাকে সন্তানের অকাল মৃত্যুতে শোক বহন করতে না হয়।
মির্জা ফখরুল আরও বলেন, পরিবর্তন বাইরে থেকে আসবে না, বরং তা শুরু করতে হবে নিজেদের ভেতর থেকেই। দেশের মানুষ পরিশ্রমী ও ত্যাগী। সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তিনি সবসময় প্রতিশোধের রাজনীতির পরিবর্তে জাতীয় ঐক্য ও ভালোবাসার মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার দীর্ঘ ত্যাগ যেমন মানুষের জন্য অনুপ্রেরণার উৎস, তেমনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগও ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে উদ্বুদ্ধ করবে।
তিনি আরও বলেন, দেশের প্রয়োজনে অসংখ্য সাধারণ শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছিল, যা দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষারই প্রতিফলন।



































