বিনা চিকিৎসায় কেউ মরবে না: স্বাস্থ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১০:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 7
দেশের কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত রাখা হবে না।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রতিটি নাগরিক যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সেই ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। স্বাস্থ্যসেবায় অবহেলা বা বৈষম্যের কোনো সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড, নিজস্ব সরকার এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই অর্জনের পেছনে অসংখ্য মুক্তিযোদ্ধার আত্মত্যাগ রয়েছে, যা কখনো ভোলার নয়।
নিজের যুদ্ধদিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। পাকিস্তানি বাহিনীর পাশাপাশি রাজাকারদের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। গ্রামে গ্রামে নির্যাতন, অগ্নিসংযোগ, হত্যা ও নারীদের ওপর নির্মম নির্যাতনের ঘটনাও তিনি স্মরণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ স্বাধীন বাংলাদেশে বাঙালিরা রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ চিকিৎসক ও স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































