‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা

- সর্বশেষ আপডেট ০১:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 187
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে দলের কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
সফরে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতুসহ অন্যান্য নেতারা।
হবিগঞ্জে সাম্প্রতিক হামলা ও সংঘর্ষের ঘটনার পর এ সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থান ও কর্মসূচির ভেন্যুগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার কয়েকটি উপজেলায় বিজিবিও দায়িত্ব পালন করছে।
দলীয় সূত্র জানায়, দুই দিনের এই সফরে কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখবেন।
এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, সফরকে ঘিরে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পর্যায়ক্রমে ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।



































