হাতিয়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০৪:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 196
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরনে হালকা গোলাপি রঙের ফুলহাতা শার্ট এবং নীল-খয়েরি রঙের লুঙ্গি ছিল। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের চামড়া আংশিক খসে গেছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের পাশাপাশি পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

































