জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- সর্বশেষ আপডেট ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 20
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে বর্তমান মূল্যই বহাল থাকবে। ফলে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায়।
এর আগে গত ৩১ মে সর্বশেষ জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এরপর জুন ও জুলাই মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। আগস্টেও একই সিদ্ধান্ত বহাল থাকল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসের জন্য বিদ্যমান মূল্যহার বহাল রাখা হয়েছে এবং আগামী ১ আগস্ট থেকে তা কার্যকর থাকবে।
সরকার ২০২৫ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এর আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হয়।
এদিকে, আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দামও প্রতি মাসে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল দিয়ে।
বর্তমানে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের মূল্য নির্ধারণ করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। আর জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং এলপিজির মূল্য নির্ধারণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।





































