৩ নদীর পানি বিপৎসীমার ওপরে
- সর্বশেষ আপডেট ০৩:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 21
দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন জেলার আরও কয়েকটি নদীর পানি সতর্কসীমায় পৌঁছেছে। এতে সংশ্লিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে বলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার পর্যবেক্ষণে দেখা যায়, গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ২৩ সেন্টিমিটার এবং নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ কেন্দ্রের মধ্যে ৬৩টিতে পানি বেড়েছে, ৬২টিতে কমেছে এবং দুটি কেন্দ্রের পানি অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতের ত্রিপুরার কুমারঘাটে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার এবং বাংলাদেশের সুনামগঞ্জের মহেশখোলায় সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে সুনামগঞ্জের ছাতক ও মারকুলি পয়েন্টে সুরমা নদী, নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদী, কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদী, নেত্রকোণার খালিয়াজুরি পয়েন্টে ধনু নদী, মৌলভীবাজারের শেরপুর ও সিলেট পয়েন্টে কুশিয়ারা নদী এবং ফেনীর হরিপুর পয়েন্টে মুহুরী নদীর পানি সতর্কসীমায় অবস্থান করছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদ-নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

































