শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
- সর্বশেষ আপডেট ০৯:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 22
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ শেষে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে বুধবার রাত ১০টার মধ্যে মন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হলে বৃহস্পতিবার সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তাদের আর কোনো দাবি নেই।
এর আগে বিকেলে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডে আটকে যান তারা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ভুল এবং পরীক্ষা ব্যবস্থাপনায় নানা অনিয়মের কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এসব ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
শিক্ষার্থীদের ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না এলে বৃহস্পতিবার আবারও রাজপথে কর্মসূচি পালন করা হবে।





































