এইচএসসি নিয়ে ৫ সিদ্ধান্ত সরকারের
- সর্বশেষ আপডেট ০৮:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 20
প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন। একই দিন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও ফেসবুক পোস্টে পরীক্ষার্থীদের জন্য সরকারের পাঁচটি উদ্যোগ তুলে ধরেন।
সরকার জানায়, প্রতিকূল আবহাওয়া বা অন্য অনিবার্য কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর সারা দেশে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়াসহ বিভিন্ন কারণে কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
মাহদী আমিন জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে বুধবার শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও জলাবদ্ধতা বা যাতায়াত সমস্যা দেখা দিলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা সময় বাড়ানোর মতো সিদ্ধান্ত নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় সব পরীক্ষার্থীকে ওই দুটি প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে। ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।




































