ইরানে আবারও ৫.২ মাত্রার ভূমিকম্প
- সর্বশেষ আপডেট ০৪:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 20
ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র ছিল কুজারান থেকে ১৭ কিলোমিটার এবং কেরমানশাহ শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে।
এর আগে একদিন আগে রোববার খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে কেরমানশাহ, খুজেস্তান ও হরমোজগান প্রদেশে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, অগভীর গভীরতায় সৃষ্ট ভূমিকম্প তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ এবং জনবসতিপূর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ায়।



































