‘গুম-খুনে ছাড় দেবে না সরকার’
- সর্বশেষ আপডেট ০৩:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 20
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অপতথ্য, ভুয়া ভিডিও ও সাইবার বুলিং মোকাবিলায় আইনগত ব্যবস্থা জোরদারের কথাও জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের সামাজিকভাবে হেয় করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকার আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।
তথ্য উপদেষ্টা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের ঘটনা বাড়ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং এ ক্ষেত্রে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।
ডা. জাহেদ আরও বলেন, দেশত্যাগের সময় কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে।
মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, কেউ প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া।





































