৪০ উদ্যোক্তাকে নিয়ে ব্র্যান্ডস্টোরির গ্রোথ ওয়ার্কশপ

- সর্বশেষ আপডেট ০১:৩০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
- / 3
চট্টগ্রামে ৪০ জনের বেশি অনলাইন উদ্যোক্তাকে নিয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধিবিষয়ক কর্মশালা আয়োজন করেছে গ্রোথ কনসালটিং প্রতিষ্ঠান ব্র্যান্ডস্টোরি।
গতকাল শনিবার চার ঘণ্টাব্যাপী এ কর্মশালায় অর্গানিক কনটেন্ট, মার্কেটিং সাইকোলজি, গ্রাহকের আচরণ এবং বিক্রয় বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি, গ্রাহকের চাহিদা বিশ্লেষণ, অর্গানিক কনটেন্টের মাধ্যমে ব্র্যান্ড পরিচিতি বাড়ানো এবং কার্যকর মার্কেটিং পরিকল্পনা প্রণয়নের বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যান্ডস্টোরির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরাফাত হোসেন বিপুল এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. মিনহাজ উদ্দিন। এ সময় অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও রাখা হয়। কর্মশালায় প্রশিক্ষণ নোট ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সরবরাহ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে মিনহাজ উদ্দিন ও আরাফাত হোসেন বিপুলের উদ্যোগে একটি ছোট চিলেকোঠার অফিস থেকে ব্র্যান্ডস্টোরির যাত্রা শুরু হয়। অনলাইন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কনটেন্ট ও মার্কেটিংয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
বর্তমানে প্রতিষ্ঠানটি উদ্যোক্তাদের জন্য তিন মাসের গ্রোথ পার্টনারশিপ, কনটেন্ট স্ট্র্যাটেজি, মাসিক কনসালটেন্সি এবং মার্কেটিং পরিকল্পনা ও কৌশল নির্ধারণসহ বিভিন্ন সেবা দিচ্ছে। এসব সেবার মাধ্যমে ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি, গ্রাহকের সঙ্গে সম্পৃক্ততা এবং বিক্রয় প্রবৃদ্ধিতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করতে একটি ফেসবুক গ্রুপ চালু করেছে ব্র্যান্ডস্টোরি। কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেছে ইতমিনান, ভূঁইয়া মার্ট এবং অনলাইন টেকনিক্যাল সাপোর্ট।




































