সৌদির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা হুথিদের
- সর্বশেষ আপডেট ০৯:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 24
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুথিরা সোমবার এক বিবৃতিতে জানায়, সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ‘সামুদ্রিক অবরোধ’ কার্যকর করা হচ্ছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরবের ‘অন্যায্য অবরোধের’ জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রিয়াদ।
এদিকে সংঘাত প্রশমনে নতুন করে কূটনৈতিক তৎপরতারও ইঙ্গিত মিলেছে। রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারীরা ১০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, বিভিন্ন পক্ষের কাছ থেকে আলোচনার প্রস্তাব এসেছে।
এর মধ্যেই যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।
কুয়েত জানিয়েছে, দেশটির একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে টানা দ্বিতীয় দিনের মতো হামলা হয়েছে। একই সময়ে বাহরাইন, কুয়েত ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়। কুয়েতের সেনাবাহিনী ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আন্তর্জাতিক নৌপথে হামলা অব্যাহত থাকলে ইরানের বিরুদ্ধে অভিযান চলবে। তবে তিনি কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে বলে উল্লেখ করেন। একই ধরনের ইঙ্গিত দিয়েছে ইরানও।


































