মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় ইরান
- সর্বশেষ আপডেট ০৪:২০:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 24
যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল অভিযান চালালে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরান। এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি বলেছেন, মার্কিন বাহিনীর যেকোনো পদক্ষেপের জবাব দিতে তেহরান প্রস্তুত।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ইরানের কৌশলগত খার্গ দ্বীপ দখলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ওয়াশিংটনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বাঘায়ি বলেন, ইরানের নেতৃত্বে এমন ব্যক্তিরা রয়েছেন যারা সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের জন্য অপেক্ষা করছেন এবং মার্কিন সেনাদের মোকাবিলায় প্রস্তুত।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কিছু বার্তা তেহরানে পৌঁছেছে। তবে এসব বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
বাঘায়ি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় ইরান কূটনীতি ও সামরিক সক্ষমতা—দুই পথকেই বিবেচনায় রাখে। তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারকের বিষয়বস্তু স্পষ্ট এবং এটি ভঙ্গ করার কোনো কারণ নেই।
ইরানি মুখপাত্র আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের কোনো বৈরিতা নেই। তবে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দেওয়া হলে তার জবাব দেওয়া হবে।
তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে দেশটির সশস্ত্র বাহিনীও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে যাবে।


































