মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 78
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর মেজর মোজাফফর হোসেন দেশে ফিরলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, এ মামলায় আগে যেসব সহযোগীর বিচার হয়েছে, তাদের ক্ষেত্রেও সামরিক আদালতের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। সেই রায় ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেনারেল কোর্ট মার্শাল মোজাফফর হোসেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। তবে কোনো বিষয়ে বেসামরিক আদালতের এখতিয়ার থাকলে তা আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, একই ঘটনার জন্য একজন ব্যক্তিকে পৃথক দুই আইনে আলাদাভাবে বিচার করা যায় না। তাই আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়াতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






























