প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- সর্বশেষ আপডেট ০৪:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 45
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন।
রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবে। পাশাপাশি অনলাইন পোর্টাল ও মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। এতে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের বেশি। পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফল অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ৬ হাজার ৫৯০ জন। সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
এবার মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত ছিল। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০টি নির্ধারিত ছিল। সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ বৃত্তি বরাদ্দ রাখা হয়।


































