ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
- সর্বশেষ আপডেট ০৭:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 26
নীলফামারীর ডোমারে বালুবাহী দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডোমার থেকে জলঢাকাগামী যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত মিথিলা ভ্যানকে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— ডোমারের নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তাদের দুই সন্তান পিতোসা (৮) ও যাদব (৪)।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহত দুজনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।































