জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
- সর্বশেষ আপডেট ০৬:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 35
নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের সুযোগ বাড়াচ্ছে সরকার। বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা। এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।
রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সহজ করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।
এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
তিনি জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ চালু করা হয়েছে। এই তহবিল থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ইক্যুইটি সহায়তা দিতে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিতে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ বেকার যুবক-যুব নারীদের জন্য ১ হাজার কোটি টাকার একটি তহবিল এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে নতুন করে ১ হাজার ২০০ কোটি টাকার তহবিল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


































