পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’,যুক্ত হচ্ছে জুলাইয়ের তিন শহীদ
- সর্বশেষ আপডেট ০৯:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 30
বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। একই সঙ্গে নতুন নকশার জলছাপে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি।
রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান নকশা পুনর্বিন্যাস, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে জলছাপগুলো নতুনভাবে সাজানো হয়েছে। নতুন নকশায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে তুলে ধরতে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি সংবলিত জলছাপ যুক্ত করা হয়েছে। পাশাপাশি ই-পাসপোর্টে সব ধর্মের প্রতীকও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে। তাঁদের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ফিলিস্তিন প্রশ্নে দীর্ঘদিনের অবস্থান এবং জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নকশা অনুযায়ী ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জলছাপ হিসেবে যুক্ত হবে। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত অবস্থার ছবি, উত্তরার আজমপুরে পানির বোতল হাতে দাঁড়িয়ে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ছবি থাকবে। এই অংশের নাম দেওয়া হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’।
এ ছাড়া নতুন জলছাপে স্থান পেয়েছে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবন ও সমুদ্রসৈকত (নৌকা ছাড়া), টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’।
অন্যদিকে নতুন নকশা থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ ছিল—‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।’ পরে বিভিন্ন মহল থেকে ওই শব্দবন্ধ পুনর্বহালের দাবি ওঠে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া বিএনপি সরকার পাসপোর্টের নকশা পরিবর্তনের উদ্যোগ নেয়। এ বিষয়ে একাধিক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর নতুন নকশা ও জলছাপ সংযোজনের সরকারি আদেশ জারি করা হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ধাপে ধাপে নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ও সংশোধিত জলছাপ সংযুক্ত করা হবে। বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা থাকছে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের ৪৮ বা ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্ট পাবেন।





































