বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে: এবি পার্টি
- সর্বশেষ আপডেট ০১:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 133
দেশের বর্তমান বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি সরকারের প্রতি এই দুই খাতের আমূল সংস্কার এবং সব ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি অবিলম্বে বন্ধ করার জোর আহবান জানিয়েছেন।
আজ শনিবার (৬ জুন) বিদ্যুতের সাম্প্রতিক দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ এবং একটি কার্যকর ও বাস্তবায়নযোগ্য জাতীয় বাজেটের দাবিতে দলটির পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মজিবুর রহমান মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে কার্ডের কথা বলা হচ্ছে, আর অন্যদিকে ক্রমাগত মূল্যবৃদ্ধি করা হচ্ছে—এ ধরনের শুভঙ্করের ফাঁকি ও জনবিরোধী নীতি দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করা কখনোই সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, দেশের ভঙ্গুর আর্থিক খাতের আমূল ও কাঠামোগত সংস্কার ব্যতীত কোনোভাবেই একটি গণমুখী ও কার্যকর বাজেট প্রণয়ন সম্ভব নয়।
দুর্নীতিবাজদের ছাড় দিয়ে সাধারণ জনগণের ওপর করের বোঝা চাপালে অর্থনীতি আরও সংকটে পড়বে বলে তিনি হুশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটাতে রাষ্ট্র পরিচালনার অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর বিশেষ জোর দেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় বাজেট জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের করার কথা থাকলেও, বাংলাদেশে আসলে তা পর্দার আড়ালে তৈরি করেন আমলারা। ফলে সাধারণ মানুষের প্রকৃত চাহিদার প্রতিফলন বাজেটে ঘটে না। সংবাদ সম্মেলন থেকে দেশের মধ্যবিত্ত ও তরুণ সমাজের সুরক্ষায় বিশেষ কিছু দাবি উত্থাপন করা হয়।
এর মধ্যে রয়েছে— ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতনধারী চাকরিজীবী, দেশের তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রথমবারের মতো মাথা গোঁজার ঠাঁই হিসেবে ফ্ল্যাট বা প্লট কেনা ক্রেতাদের সম্পূর্ণভাবে করের আওতার বাইরে রাখা। দেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবথেকে বেশি দুর্নীতি র কারণে সাধারণ মানুষকে যে চরম মূল্য দিতে হচ্ছে, তা থেকে পরিত্রাণ পেতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় দলটি।


































