ষড়যন্ত্র করে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করা যাবে না: খোকন
- সর্বশেষ আপডেট ০১:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 55
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার ন্যায়, নীতি ও সততার সঙ্গে দেশ পরিচালনা করছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে সচেতন জনগণ পাশে থাকায় কোনো চক্রান্তই দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে টিআর, কাবিখাসহ বিভিন্ন খাতে জনগণের জন্য বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ তার সুফল পায়নি। জবাবদিহিতার অভাবে এসব অর্থের অপব্যবহার ও লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে খোকন বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের প্রেক্ষাপটে এসব সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার দাবি, বিভিন্ন অজুহাতে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে ৪১ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।






























