এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ হয়েছে

- সর্বশেষ আপডেট ০১:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 162
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং পরিবহন ও আমদানি ব্যয় বাড়ার বাস্তবতা রয়েছে। তবে এসব চাপ একবারে জনগণের ওপর না চাপিয়ে ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণভাবে মূল্য সমন্বয় করা সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জনস্বার্থ বিবেচনা না করে সাত মাসে দুইবার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার বেশি হওয়ায় এই মূল্যবৃদ্ধির প্রভাব কৃষক, শ্রমিক, পরিবহন খাত ও সাধারণ ভোক্তার ওপর পড়বে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি সরকারকে মোকাবিলা করতে হবে। কিন্তু সেই চাপ একবারে জনগণের ওপর চাপিয়ে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। জ্বালানির দাম বাড়ায় সেচ পাম্প, পাওয়ার টিলার, হারভেস্টারসহ কৃষিযন্ত্র পরিচালনার ব্যয় বাড়বে। এতে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়ও বাড়তে পারে। সামনে বোরো মৌসুম হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।
মঞ্জুর দাবি, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ এবং জাতীয় মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৫ শতাংশ ছিল। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করবে।
তিনি আরও বলেন, ডিজেলের দাম বাড়লে বাস ও পণ্যবাহী যানবাহনের পরিচালন ব্যয় বাড়বে। সেই বাড়তি ব্যয় পরিবহন খরচের মাধ্যমে পাইকারি ও খুচরা বাজারে গিয়ে শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়বে। তাই শুধু প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ানোর হিসাব দিয়ে এর প্রকৃত অর্থনৈতিক প্রভাব বোঝা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন দলটির ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। তিনি বলেন, সরকার জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বেশি দামে জ্বালানি কিনে কম দামে বিক্রি করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসান করেছে।
তবে এই চাপের পাশাপাশি আন্তর্জাতিক বাজারদর, ফ্রেইট, ইনস্যুরেন্স, বিনিময় হার ও বিপিসির প্রকৃত ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি। সংকট মোকাবিলায় আমদানি শুল্ক ও কর সাময়িকভাবে সমন্বয়, বিপিসির দক্ষতা বৃদ্ধি এবং অপচয় ও জ্বালানি চুরি বন্ধের ওপরও গুরুত্ব দেন তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় ১১ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনে ব্যবহৃত ডিজেলের জন্য পৃথক মূল্যনীতি, একবারে বড় মূল্যবৃদ্ধির পরিবর্তে ধাপে ধাপে দাম সমন্বয় এবং আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, কর ও বিনিময় হারের ভিত্তিতে স্বচ্ছ ও ফর্মুলাভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর দাবি রয়েছে।
এ ছাড়া সংকটকালে আমদানি শুল্ক ও কর সাময়িকভাবে সমন্বয়, প্রকৃত কৃষক ও কৃষিযন্ত্রের জন্য লক্ষ্যভিত্তিক ডিজেল সহায়তা, অযৌক্তিক পরিবহন ভাড়া বৃদ্ধি ঠেকাতে কার্যকর ব্যবস্থা এবং বিপিসির আমদানি, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ ব্যবস্থার স্বাধীন অডিটের দাবি জানিয়েছে দলটি।
সীমান্তপথে জ্বালানি পাচার বন্ধে ডিজিটাল ট্র্যাকিং, চোরাচালানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, সংকট মোকাবিলায় স্ট্র্যাটেজিক ফুয়েল ইমার্জেন্সি ফান্ড গঠন এবং নিম্নআয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। দীর্ঘমেয়াদে দেশীয় জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছে এবি পার্টি।






























