শরীয়তপুরে যুবদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
- সর্বশেষ আপডেট ০১:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 35
শরীয়তপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধার নেতৃত্বে জেলার ছয়টি উপজেলার আটটি থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নতুন কমিটির নেতাদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধা বলেন, নতুন কমিটি ঘোষণায় তারা আনন্দিত। শরীয়তপুরের প্রতিটি উপজেলা ও থানায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করার কথা জানান তিনি।
তিনি নতুন কমিটি গঠনে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, দীর্ঘদিন পর শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের সঙ্গে নিয়েই সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।


































