শিক্ষাগত যোগ্যতা বদলে দিতে ইসিতে এমপি মাহবুবা

- সর্বশেষ আপডেট ০৮:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 110
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম তার নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে আবেদন করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ আবেদন করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এই সংসদ সদস্যের হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘এলএলএম’ ও ‘ব্যারিস্টার অ্যাট ল’ উল্লেখ রয়েছে। তবে মাহবুবা হাকিমের দাবি, তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
আবেদনে মাহবুবা হাকিম উল্লেখ করেন, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে অনিচ্ছাকৃত করণিক ও মুদ্রণজনিত ত্রুটির কারণে ‘ব্যারিস্টার অ্যাট ল’ তথ্য যুক্ত হয়েছে। তার ভাষ্য, আগের একটি খসড়া ফর্ম থেকে তথ্য কপি-পেস্ট করার কারণে এ ভুল হয়েছে।
তিনি আরও দাবি করেন, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রির সনদ মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। পুলিশের বিশেষ শাখা (এসবি) ও জাতীয় সংসদ সচিবালয়ে দেওয়া ব্যক্তিগত তথ্য ফর্মেও তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি উল্লেখ রয়েছে বলে আবেদনে জানান তিনি।
মাহবুবা হাকিমের দাবি, হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে ‘ব্যারিস্টার অ্যাট ল’ লেখা অংশে কলম দিয়ে কাটাকাটিও করা হয়েছে। এ ছাড়া সংসদে বাজেট অধিবেশনে নিজের প্রথম বক্তব্যেও তিনি নিজেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান।
এর আগে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর নির্বাচন কমিশন জানিয়েছিল, আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, অভিযোগ পাওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য করা সম্ভব নয়।
এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, মাহবুবা হাকিমের আবেদন সিইসির কাছে জমা পড়েছে। আবেদনটি সংশ্লিষ্ট শাখায় এলে নথি উপস্থাপনের পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মাহবুবা হাকিম বলেন, এটি মুদ্রণজনিত ভুল এবং তাকে হেয় বা মানহানি করার উদ্দেশ্যে বিষয়টি সামনে আনা হয়েছে বলে তিনি মনে করেন।
অন্যদিকে, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হয়ে থাকলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে পারে। তবে এ ক্ষেত্রে প্রকৃত ঘটনা তদন্ত করে কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে।
নির্বাচন কমিশনের নথিতে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্যও অন্তর্ভুক্ত থাকে।































