জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলা, নিহত ১২
- সর্বশেষ আপডেট ০৩:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 62
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বস্তিতে সশস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। হামলার কারণ এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, একটি সাদা গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি এলাকায় এসে বস্তির ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থানরত বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়।
পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, গ্যাং সহিংসতা ও অবৈধ অস্ত্রের বিস্তার দক্ষিণ আফ্রিকায় জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন।





































