সামাজিক মাধ্যমে মার্কিন সেনাদের তথ্য পাচ্ছে ইরান
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 8
মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও হামলার ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে ইরান। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন কিছু সেনার ব্যক্তিগত মোবাইল ফোন সাময়িকভাবে জব্দ করার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ায় তা ইরানের জন্য মূল্যবান গোয়েন্দা তথ্যের উৎস হয়ে উঠছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
রয়টার্সের হাতে পাওয়া ২৮ জুলাইয়ের এক চিঠিতে সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও, ছবি ও সংবাদ প্রতিবেদনের মাধ্যমে ইরান দ্রুত বুঝে ফেলছে তাদের হামলা কতটা সফল হয়েছে এবং মার্কিন ঘাঁটির অবস্থান ও কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে।
এ পরিস্থিতিতে জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মোতায়েন কিছু মার্কিন সেনার ব্যক্তিগত মোবাইল ফোন সাময়িকভাবে জব্দ করার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে বলে একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
কুপার তার চিঠিতে বলেন, সেনাদের তোলা ছবি ও ভিডিও উন্মুক্ত তথ্য হিসেবে শত্রুপক্ষের হাতে পৌঁছে যাচ্ছে। এসব তথ্য শুধু সামরিক অভিযানই নয়, সেনাসদস্য ও মিত্র দেশগুলোর বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই তিনি অপারেশনাল নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় মার্কিন সেনাদের বাঙ্কারে আশ্রয় নিতে দেখা যায়। কুপারের দাবি, মেটার স্মার্ট গ্লাসে ধারণ করা ওই ভিডিও থেকে সেনাদের অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
তার ভাষ্য, যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ইরান অনেক সময় হামলার প্রকৃত ফলাফল জানতে পারে না। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংবাদ প্রতিবেদন তাদের সেই ঘাটতি পূরণ করে দিচ্ছে। এতে ভবিষ্যৎ হামলা আরও নিখুঁতভাবে পরিকল্পনা করার সুযোগ তৈরি হচ্ছে।
এর আগে স্মার্টফোনের লোকেশন ডেটা ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে সামরিক তথ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একাধিকবার সতর্ক করেছিলেন। নতুন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর মোবাইল ফোন ব্যবহারে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।





































