২৫ কোটি ডলার খরচ করেও হার, মাস্কের রসিকতা
- সর্বশেষ আপডেট ০৮:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 19
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় সাফল্যের পর ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের জেতাতে তার কথিত ‘নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজার’ও ব্যর্থ হয়েছে বলেও রসিকতা করেন তিনি।
রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে কয়েকশ’ মিলিয়ন ডলার ব্যয় করা মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই মন্তব্য করেন। নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর তিনি লেখেন, তার কথিত ‘ইলেকশন-ইন্টারফেয়ারিং স্পেস লেজার’ প্রত্যাশিত ফল দিতে পারেনি।
এর সঙ্গে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়টি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’
মাস্কের এই মন্তব্যের কিছুক্ষণ আগেই টেক্সাসের নবনির্বাচিত সিনেটর জেমস টালারিকো তার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।
নির্বাচনে জয় উদ্যাপন করতে গিয়ে অস্টিনে দেয়া বক্তব্যে ডেমোক্র্যাট প্রার্থী টালারিকো বলেন, এই নির্বাচনে আমরা ছিলাম আন্ডারডগ। আমাদের মোকাবিলা করতে হয়েছে ৩০ কোটি ডলারের বেশি অর্থের নির্বাচনী প্রচারণার। যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের ইতিহাসে কোনো প্রচারণায় এত অর্থ ব্যয় হয়নি। এছাড়া অর্থের বিনিময়ে চালানো নেতিবাচক বিজ্ঞাপন, অপপ্রচার, বিদেশী বট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেকেরও মোকাবিলা করতে হয়েছে আমাদের।
টেক্সাসে তার এই জয়কে এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, ঐতিহাসিকভাবে অঙ্গরাজ্যটি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।বিজয়ী ভাষণে টালারিকো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের মালিক বিলিওনিয়ারদের সমালোচনা করেন। তার এই বক্তব্যের লক্ষ্য ছিলেন ইলন মাস্ক।
প্রসঙ্গত,এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের অন্যতম বড় আর্থিক সমর্থক ছিলেন বিশ্বের শীর্ষ ধনী মাস্ক।এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের প্রচারণায় সহায়তা করতে প্রায় ২৫ কোটি ডলার ব্যয় করেছেন তিনি।






























