হরমুজে ইরানের নির্দেশনা মানতে হবে বাংলাদেশকে
- সর্বশেষ আপডেট ০৮:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 54
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে সমন্বয় এবং দেশটির দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দেশের পক্ষে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জ্বালানি পরিবহন সম্ভব নয়। এ নৌপথ দিয়ে চলাচলের ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ পারাপার নিশ্চিত করতে তিনি কাজ করছেন বলেও জানান। তবে কোনো বাংলাদেশি জাহাজ ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ-সংক্রান্ত গোপনীয় তথ্য কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেই রয়েছে।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ইরান, কাতার ও ওমানের এ নিয়ে পরিকল্পনা রয়েছে। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে দেশটির ওপর আর কোনো হামলা না করার নিশ্চয়তা দিতে হবে।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন জলিল রহিমি। তিনি বলেন, রোহিঙ্গা মুসলিমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে ইরান তাদের সমর্থন করবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও জানান। রাষ্ট্রদূত বলেন, যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে।
এ ছাড়া ইরানের ওপর পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমানভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।




























